• শুক্র. আগ ১৪, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ

ByShirso Aparadh

জুন ২৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশের ৬২১টি এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শিক্ষার্থীশূন্য থাকায় সেগুলোর পাঠদান অনুমোদন বাতিল ও প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে এসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় শিক্ষা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। তবুও সরকার নিয়মিত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করে যাচ্ছে। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ লক্ষ্যে গত ২৫ জুন সংশ্লিষ্ট ৬২১টি প্রতিষ্ঠানের প্রধানদের কাছে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহারের ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম, পরীক্ষার ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরিসহ অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে বোর্ড সরকারের অনুমোদনক্রমে প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, শোকজপ্রাপ্ত ৬২১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪৩টি এসএসসি (ভোকেশনাল) এবং ১৭৮টি দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠান রয়েছে।

বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত ব্যাখ্যা পর্যালোচনার পর বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights