• মঙ্গল. জুন ২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩ হাজার ৪১২, আহত ১০ হাজারের বেশি

ByShirso aparadh

জুন ১, ২০২৬

অনলাইন ডেস্কঃ

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ একদিনের হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনের খবরে বলা হয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১০ হাজার ২৬৯ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের ধারাবাহিকতায় হতাহতের এই সংখ্যা রেকর্ড করা হয়েছে। চলমান হামলার কারণে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে এবং নবাতিয়াহ অঞ্চলের উপকণ্ঠ পর্যন্ত অগ্রসর হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে লেবাননের প্রায় ২ হাজার বর্গকিলোমিটার এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করছে।

ইসরায়েল শুরুতে সীমান্তবর্তী লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে দেওয়ার লক্ষ্য ঘোষণা করলেও বর্তমানে তাদের অভিযান আরও উত্তরে বিস্তৃত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জহরানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় উচ্ছেদ নির্দেশ জারি করেছে, যা তাদের নিয়ন্ত্রণের পরিধি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

এদিকে রোববার ভোরে দেইর এজ-জহরানি এলাকায় ইসরায়েলি হামলায় আরও কয়েকজন নিহত হওয়ার খবর দিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights