মাহমুদুল হাসানঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকদের একাংশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে শতাধিক গ্রাহক ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের ঘনিষ্ঠ হওয়ায় তার নেতৃত্বে ব্যাংকের আমানতকারীরা ঝুঁকির মুখে পড়তে পারেন।
বিক্ষোভকারীরা ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে চেয়ারম্যানের যোগদান ঠেকানোর ঘোষণা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কিছু আন্দোলনকারীও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেন, ভোর থেকেই কয়েকশ গ্রাহক ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নিয়ে নতুন চেয়ারম্যানের যোগদানের বিরোধিতা করছিলেন। বারবার অনুরোধের পরও তারা সরে না গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
বর্তমানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে।
উল্লেখ্য, খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেছিলেন।
