নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গুরুতর অসুস্থ হয়ে গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সে সময় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও পরিবার ও চিকিৎসকরা তা নাকচ করেছিলেন।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রীসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তার স্ত্রী আনোয়ারা আহমেদ গত বছরের ২০ নভেম্বর মৃত্যুবরণ করেন।
