• বৃহঃ. আগ ১৩, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

ByShirso Aparadh

আগ ১৩, ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তাঁর প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়ন ঘোষণার পর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় দলের নিয়ম ও ঐতিহ্য অনুযায়ী বিএনপির মহাসচিব পদ থেকেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র বাছাই শেষে আগামী ১৮ আগস্ট প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় বহাল থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। সকালে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি আসন থাকায় সংসদীয় ভোটের হিসাবে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে বিরোধী জোটের সংসদ সদস্যসংখ্যা সংরক্ষিত নারী আসনসহ ৯০। ফলে শেষ পর্যন্ত ভোটগ্রহণ হলে ১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার নজির তৈরি হবে।

এর আগে ক্ষমতাসীন দলের প্রার্থীরা প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে এসেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে মহাসচিবের দায়িত্ব পান। খালেদা জিয়ার কারাবন্দিত্ব ও তারেক রহমানের প্রবাসজীবনের সময়ে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিগত সরকারের আমলে একাধিকবার কারাবরণ ও রাজনৈতিক হয়রানির মুখোমুখি হলেও বিএনপির রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে অবস্থান তৈরি করেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে মির্জা ফখরুলকে বিএনপির মহাসচিবসহ বর্তমানে দায়িত্বে থাকা কয়েকটি পদ ছাড়তে হবে। এতে দলের নেতৃত্ব কাঠামোতেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights