
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় লেগুনা ও এসি বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থেকে চকরিয়াগামী নম্বরবিহীন একটি যাত্রীবাহী জিটু (লেগুনা) গাড়ির সঙ্গে লাল-সবুজ পরিবহনের একটি এসি বাসের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল এবং কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
আহতরা হলেন—খুটাখালী নতুন অফিস মাদ্রাসাপাড়ার আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়ার মেধাকচ্ছপিয়া গ্রামের বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফের কিরনতলী গ্রামের মো. রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।
আহতদের মধ্যে সৈয়দ করিম কক্সবাজার সদর হাসপাতালে এবং অপর চারজন মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই শামশুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে উভয় গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
