অনলাইন ডেস্কঃ
মিয়ানমারের উত্তরাঞ্চলে চীন সীমান্তসংলগ্ন শান রাজ্যে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রোববার নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয় এবং আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
বিবিসির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। স্থানীয়দের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।
এলাকাটি বর্তমানে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। সংগঠনটির দাবি, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
টিএনএলএ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দুর্ঘটনাজনিত এই বিস্ফোরণ ঘটে। এতে বহু গ্রামবাসী নিহত ও আহত হয়েছেন এবং বিপুল সংখ্যক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওতে বিশাল গর্ত, ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন এবং পুড়ে যাওয়া গাছপালার দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও ধোঁয়া উড়তে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমদিকে অনেকেই এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন। বিস্ফোরণের তীব্রতায় শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, টিএনএলএ মিয়ানমারের অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলনের মাধ্যমে তারা তাদের কার্যক্রমের অর্থায়ন করে থাকে। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে দেশটির খনি এলাকায় দুর্ঘটনা প্রায়ই ঘটে।
