আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা এসহাক মোল্লা জুয়েল ওরফে জুয়েল মোল্লা বিএনপিতে যোগদান করেও শেষ পর্যন্ত রক্ষা পেলেন না। শনিবার রাতে যৌথবাহিনীর অভিযানে তার নিজ গ্রাম মানিককান্দি থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়েল মোল্লা ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত প্রায় ১৭ বছর ধরে জুয়েল মোল্লা মানিককান্দি গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। সেই প্রভাব বজায় রাখতেই তিনি সম্প্রতি বিএনপিতে যোগ দেন বলে অভিযোগ উঠেছে।
আরও জানা গেছে, জুয়েল মোল্লার বিরুদ্ধে মানিককান্দি গ্রামের অন্তত ৩০টি পরিবারের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে তাদের সর্বস্বান্ত করার অভিযোগ রয়েছে। তার ভয়ে ওই ৩০টি পরিবার প্রায় দুই বছর গ্রামে প্রবেশ করতে পারেনি। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ আগস্টের পর ভুক্তভোগী পরিবারগুলো গ্রামে ফিরতে শুরু করলে জুয়েল মোল্লা ও তার বড় ভাই বাদল মোল্লা দলবল নিয়ে বিএনপিতে যোগ দেন। অভিযোগ রয়েছে, তারা কেন্দ্র দখলের উদ্দেশ্যে এলাকায় প্রকাশ্যে শোডাউনও করেন।
অন্যদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানকে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখছেন না। তাদের মতে, দীর্ঘদিন ধরে যারা শোষণ ও দমন-পীড়নের সঙ্গে যুক্ত ছিল, তাদের আকস্মিক দলবদলের পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে।
এ ধরনের যোগদানের ফলে স্থানীয় বিএনপি সাধারণ মানুষের কাছে সমালোচিত হচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে মানিককান্দি গ্রাম থেকে এসহাক মোল্লা জুয়েল নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
