
সাইফুল ইসলাম,
২৩ আগস্ট ২০২৬:
প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।
বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
