• মঙ্গল. আগ ২৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মোশাররফ হোসেন ছিলেন অসহায় মানুষের পাশে: পানিসম্পদমন্ত্রী

ByShirso Aparadh

আগ ২৩, ২০২৬

একরামুল হক
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬

সাবেক সংসদ সদস্য, বিএনপির প্রবীণ নেতা ও বিজিএমইএর সাবেক সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন ছিলেন সাধারণ মানুষের নেতা। অসচ্ছল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকার যুবকদের বিদেশে পাঠিয়ে কাজের ব্যবস্থা এবং বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে তিনি হাজারো পরিবারকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ফেনী আমার ফেনী, ঢাকা’ এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

পানিসম্পদমন্ত্রী বলেন, মোশাররফ হোসেন সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। রাজনীতির গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে অসচ্ছল ও বেকার মানুষের জীবনমান উন্নয়নে তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন। নিজের উদ্যোগে অনেক বেকার যুবককে বিদেশে পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। পরবর্তী সময়ে ওই যুবকরা প্রতিষ্ঠিত হয়ে তার দেওয়া অর্থ পরিশোধ করেছেন।

তিনি বলেন, মানুষের প্রতি আস্থা, উদারতা ও মানবিকতার কারণে মোশাররফ হোসেন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার কর্মকাণ্ড প্রমাণ করে, রাজনীতি ও ব্যবসার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যও একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী আরও বলেন, দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশেও মুহাম্মদ মোশাররফ হোসেনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ব্যবসা, রাজনীতি ও সমাজসেবাকে সমন্বয় করে তিনি জনকল্যাণমুখী ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

স্মরণসভায় বক্তারা বলেন, রাজনীতি, ব্যবসা, সাংবাদিকতা ও সমাজকল্যাণ—বিভিন্ন ক্ষেত্রে মোশাররফ হোসেনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মানুষের কল্যাণে নিবেদিত তার কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

দৈনিক আমার দেশ-এর যুগ্ম সম্পাদক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন আমির হোসেন জনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের পরিচালক ফারাহ আঞ্জুম বারী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিন ভূঁইয়া বাদশা এবং সংযোগ নোফেল এর উদ্যোক্তা নাছির উদ্দিন মাশুকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফেনীর সোনাগাজী উপজেলার কৃতী সন্তান মুহাম্মদ মোশাররফ হোসেন ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ ও ২০০৮ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।

২০১৪ সালের ১৮ আগস্ট ৭৪ বছর বয়সে মুহাম্মদ মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights