
মো ওসমান গনি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “দেশের দুর্যোগ মোকাবিলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটসমূহে স্বেচ্ছাসেবকদের ভূমিকা জাতিকে এগিয়ে নিয়ে যায়।”
বুধবার (৫ ডিসেম্বর) রূপগঞ্জের পূর্বাচল ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। দেশের ভূমিকম্প মোকাবিলায় দক্ষ জনবল ও স্বেচ্ছাসেবক দল বৃদ্ধি করা প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া ভয়াবহ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়—তাই সরকার উন্নত ও আধুনিক প্রশিক্ষণ কাঠামো গড়ে তুলতে কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠপর্যায়ের কার্যক্রম প্রদর্শন করে এবং প্রশিক্ষণভিত্তিক মহড়া উপস্থাপন করে। এতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবা, মানবিক কাজ ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয় এবং সবার মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
