নাহিদা আক্তার লাকি,খুলনা :
খুলনায় পরকীয়ার জেরে দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও পুত্রবধূ ফাহিমা আক্তার। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমা আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদক মামলায় তিন বছর আগে কারাগারে গেলে সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে কারাগার থেকে বের হয়ে রাশিদুল ইমরানের বাসায় যাতায়াত শুরু করে। এক পর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমা আক্তারের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।
পরে ইমরান পুনরায় একটি মামলায় ছয় মাস আগে কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ ইমরান প্রতিশোধ নিতে এ হামলা চালায় বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার দিন ভোরে ইমরানসহ ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত কাজী আনিসুরের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, পরকীয়ার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহতদের মধ্যে দুজনের শরীর থেকে গুলি বের করা সম্ভব না হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
