
সবার জন্য উন্মুক্ত, প্রবেশমূল্য বয়স্কদের ৫০ ও শিশুদের ২৫ টাকা
নিজস্ব প্রতিবেদক:
বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সকাল ৯টায় জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করবেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।
তিনি আরও জানান, উদ্বোধনের দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশের সুযোগ থাকবে না। কেবল জুলাই যোদ্ধা, আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারবেন। পরদিন ৬ আগস্ট থেকে জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জাদুঘরে প্রবেশমূল্য বয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের ভিড় ও বিড়ম্বনা এড়াতে অনলাইনে নির্ধারিত স্লট বুকিংয়ের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।
জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের একটি বিশেষ সময় নির্ধারণ করা হয়েছে, যাতে তারা সরেজমিনে ঘুরে দেখে প্রতিবেদন প্রকাশ করতে পারেন। এছাড়া উদ্বোধনের প্রথম দিনটি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে সংরক্ষিত থাকবে।
