বরিশাল বিভাগীয় ব্যুরো
বরিশালের উজিরপুর উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। এ সময় রাস্তা পারাপারের সময় দুই পথচারীকে সজোরে ধাক্কা দিলে তারা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা জানান, বাসটির গতি নিয়ন্ত্রণে ছিল না এবং চালকের অসাবধানতাই দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রোকসোনা ইয়াসমিন (৬৩) ও শিশু আরফা (৭)-কে মৃত ঘোষণা করেন। নিহত রোকসোনা ইয়াসমিনের স্বামী মৃত কাজী পান্নু মিয়া এবং শিশু আরফার পিতা রুবেল কাজী। তাদের বাড়ি উপজেলার জয়শ্রী এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো সেদিনও স্কুল শেষে বাড়ি ফিরছিল সে। কিন্তু পথেই ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়ায় প্রবাসে থাকায় পরিবারের ওপর শোকের ভার আরও গভীর হয়ে নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

