• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মধুপুর বন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধারছবি: এআই দিয়ে প্রতীকি ছবি বানানো

বিশেষ প্রতিনিধি || টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের বেরিবাইদ বিট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) দুপুরের পর স্থানীয় কয়েকজন নারী বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে তারা আতঙ্কিত হয়ে বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান।

প্রত্যক্ষদর্শী রসুলপুর এলাকার বাসিন্দা মুন্না ও তাইজ উদ্দিন জানান, স্থানীয় নারীরা প্রথমে মরদেহটি দেখে ভয় পেয়ে দ্রুত বাড়িতে চলে যান। পরে বিকেল ৫টার দিকে তারা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে নিশ্চিত হন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল, এসআই বিমল চন্দ পাইন, বেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সন্ধ্যার পর গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights