বরিশাল বিভাগীয় ব্যুরো
বরিশালের উজিরপুর উপজেলায় শাহজাহান হাওলাদার (সুমন) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলার ৬নং বড়াকোঠা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শান্তবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে শিক্ষার্থী, যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মরহুম আব্দুল কাদের হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদারকে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ঘটনার পর দ্রুত দাফনের চেষ্টা এবং পোস্টমর্টেমে বাধা দেওয়ার অভিযোগ আরও সন্দেহ সৃষ্টি করেছে। বক্তারা বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে-যার সত্য উদঘাটন জরুরি।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৬ এপ্রিল নিজ বাসায় শাহজাহান হাওলাদারের মৃত্যু হয় বলে জানানো হলেও শুরু থেকেই বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরিবারের সদস্যরা দাবি করেন, মৃত্যুর পরপরই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত গোসল ও দাফনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে গোসল করানো ব্যক্তিদের কাছ থেকে শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকার তথ্য জানার পর তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়।
মানববন্ধনে নিহতের মা আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ছেলেকে যারা এভাবে মেরেছে, তাদের বিচার চাই। আমি একজন মা হিসেবে আর কিছু চাই না-শুধু আমার সন্তানের হত্যার বিচার চাই।” নিহতের বোন বলেন, “আমরা কাউকে মিথ্যা দোষারোপ করছি না, কিন্তু সত্যটা জানতে চাই। সুষ্ঠু তদন্ত ছাড়া আমরা এই মৃত্যু মেনে নিতে পারবো না।” নিহতের ভাতিজা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমার চাচার শরীরে আঘাতের চিহ্ন ছিল-এটা আমরা জানতে পেরেছি। আমরা চাই, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে প্রকাশ করা হোক।”
এসময় উপস্থিত এলাকাবাসী ও যুবকদের পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ জানানো হয়। তারা বলেন, একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগজনক। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঠিক তদন্ত না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
মানববন্ধন থেকে নিহতের মা, বোন ও ভাতিজাসহ পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি জোর দাবি জানান-ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা সমাজের সচেতন মহল ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন, যেন প্রকৃত সত্য উদঘাটিত হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

