
এস কে তালুকদার দাউদকান্দি (কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দি উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। দীর্ঘ শিক্ষাজীবনের একটি অধ্যায় শেষ করে পরীক্ষার্থীরা যখন উচ্চতর সোপানে পা রাখছে, তখন বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এম. এ. সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খ্যাতিমান শিক্ষানুরাগী ড. খন্দকার মারুফ হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন স্যারের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি পৌরসভা জামায়াতের কোষাধ্যক্ষ ও অভিভাবক প্রতিনিধি বিল্লাল মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নানা পরামর্শ তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার। সুশিক্ষা ও আদর্শিক ভিত্তি ছাড়া কোনো জাতি বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমরা এমন একটি দেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না, আর সেই দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে বর্তমান তরুণ প্রজন্মকে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও সততার সঙ্গে জীবন গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমেদ তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন প্রদান করেন। তিনি বলেন, “তোমরাই এই বিদ্যালয়ের প্রতিনিধি। তোমাদের ভালো ফলাফল যেমন বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে, তেমনি তোমাদের সুন্দর চরিত্র সমাজকে আলোকিত করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল সরকার। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের সীমাবদ্ধতা কাটিয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। মোনাজাত চলাকালীন শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরিশেষে শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
