বানারীপাড়ায় ৫ মামলার ওয়ারেন্টভুক্ত প্রতারক এনজিও ব্যবসায়ী রঞ্জিত গ্রেফতার

বানারীপাড়ায় ৫ মামলার ওয়ারেন্টভুক্ত প্রতারক এনজিও ব্যবসায়ী রঞ্জিত গ্রেফতার

অপরাধ- দুর্নীতি আইন-আদালত দেশজুড়ে বরিশাল বিভাগ শীর্ষ সংবাদ স্থানীয় খবর

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশালের বানারীপাড়া উপজেলার আলোচিত প্রতারক ও এনজিও ব্যবসায়ী রঞ্জিতকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর শনিবার গভীর রাতে পিরোজপুর জেলার নাজিরপুর থানা এলাকার একটি স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির পাশাপাশি প্রতারণার শিকার অসংখ্য মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রঞ্জিতের বিরুদ্ধে চেক জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে পৃথক পাঁচটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এসব মামলার মধ্যে জিআর-৭১/২৫, ১৫৫/২৫, ১৭০/২০, ৭৫/২৫ ও ১৫৭/২৫ নম্বর মামলা উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছিলেন।

স্থানীয়দের অভিযোগ, এনজিও ব্যবসার আড়ালে অধিক মুনাফা ও সহজ কিস্তিতে আর্থিক সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে রঞ্জিত উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেন। অনেকেই তাদের সারা জীবনের সঞ্চয়, জমি বিক্রির টাকা এবং ধার করা অর্থ তার প্রতিষ্ঠানে জমা রেখেছিলেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে তিনি তা আত্মসাৎ করেন এবং হঠাৎ করেই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

রঞ্জিতের প্রতারণার শিকার হয়ে বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। কেউ মেয়ের বিয়ের জন্য জমানো টাকা হারিয়েছেন, কেউ চিকিৎসার জন্য রাখা অর্থ খুইয়েছেন, আবার অনেকেই ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে তার গ্রেফতার এবং আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন।

বানারীপাড়া থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি পিরোজপুরের নাজিরপুর এলাকায় আত্মগোপন করে আছেন। এরপর একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ আরও জানিয়েছে, তাকে আজ আদালতে সোপর্দ করা হবে এবং মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম শুরু হবে।

এদিকে রঞ্জিতের গ্রেফতারের খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। ভুক্তভোগী ও এলাকাবাসী প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আত্মসাৎ হওয়া কোটি কোটি টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্তদের ফেরত দেওয়ার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, এই গ্রেফতারের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং প্রতারণার শিকার পরিবারগুলো ন্যায়বিচার পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।