মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ছাত্রদল নেতার নেতৃত্বে অপর এক ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয় ভুক্তভোগীকে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতার নাম মেহেদি হাসান পাপ্পু (২৫)। তিনি কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং খামারপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মেহেদি হাসান পাপ্পু জানান, তিনি বর্তমানে একটি মুরগির ফার্ম পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন। পূর্ব শত্রুতার জের ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মিয়া ও তার লোকজনের সঙ্গে তার ও পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
তার অভিযোগ, ওই বিরোধের জের ধরেই রোববার সকালে খামারপাড়া এলাকায় সোহেল মিয়ার নেতৃত্বে তরিকুল, রিফাত, আবিরসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনার সময় আমি মুড়াপাড়া বাজারে ছিলাম। পরে শুনেছি একটি ঘটনা ঘটেছে।”
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
