গাজীপুর জেলা প্রতিবেদক:
হঠাৎ সৃষ্ট ভূমিকম্পের তীব্র কম্পনে গাজীপুরের শ্রীপুরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালবেলা কারখানা, অফিস ও বসতবাড়ি কেঁপে উঠলে ভয়ে মানুষ খোলা জায়গার দিকে ছুটে যায়। এ সময় কয়েকটি পোশাক কারখানায় হুড়োহুড়ির ঘটনায় শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’ রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।
শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিমেক এবং কোস্ট টু কোস্ট নামের দুটি কারখানায় সবচেয়ে বেশি আতঙ্ক দেখা দেয়। সাততলা ভবনের বিভিন্ন ফ্লোরে কাজ চলাকালীন ভবন দুলতে শুরু করলে জরুরি সাইরেন বেজে ওঠে। শ্রমিকরা নিরাপদ আশ্রয়ের জন্য দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়ি ও করিডোরে পড়ে গিয়ে অনেকে আহত হন, কেউ কেউ পদদলিতও হন।
একাধিক শ্রমিক জানান, ভূমিকম্পের সময় ভবন দোল খাচ্ছিল বলে তাদের মনে হচ্ছিল, যেকোনো সময় ধসে পড়তে পারে। এ কারণে সবাই একসঙ্গে বের হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভূমিকম্পের পর টঙ্গী, জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে মোবাইল নেটওয়ার্কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। ফলে কিছু সময় কলড্রপ ও নেটওয়ার্ক বিভ্রাট দেখা দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মানুন জানান, “এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অগ্নিকাণ্ড বা ভবন ধসের খবর পাওয়া যায়নি। আমাদের দল বিভিন্ন পয়েন্টে সরেজমিনে অবস্থান করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”
নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “প্রধানত আতঙ্ক ও উত্তেজনার কারণে কয়েকটি কারখানায় শ্রমিকরা আহত হয়েছেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য নেই। প্রশাসন নিয়মিত মনিটরিং করছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।”
ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি বিবেচনায় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান আজকের বাকি সময়ের জন্য ছুটি ঘোষণা করেছে। শ্রমিকদের নিরাপত্তায় ভবনের কাঠামো পরীক্ষার সিদ্ধান্তও নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
