• সোম. আগ ২৪, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রূপগঞ্জে বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি

ByShirso Aparadh

আগ ২৪, ২০২৬

মো. ওসমান গনি, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগের প্রতিকার এবং দীর্ঘদিনের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন টান মুন্সুরী গ্রামের হিন্দু-মুসলিম বাসিন্দারা। পরে তারা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।

রোববার টান মুন্সুরী গ্রামের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, টান মুন্সুরী গ্রামে ১৯৩৬ সাল থেকে হিন্দু-মুসলিম প্রায় ৩০০ পরিবার বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এসব পরিবারের বসতভিটা উচ্ছেদ ও দখলের পাঁয়তারা চলছে বলে তারা দাবি করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা প্রত্যুষ, উজ্জ্বল, গোপাল ও সৃতিস নামের কয়েকজনের বিরুদ্ধে ভূমি দখল এবং বসতভিটা নিয়ে হয়রানির অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসা মানুষের বসতভিটা রক্ষায় প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জমি ও বসতভিটা রক্ষার দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় বাসিন্দাদের বসতভিটা রক্ষায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের বসতভিটা রক্ষা এবং ভূমি-সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights