
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার সাড়ে ১৪ ঘণ্টা পর একটি পুকুর থেকে রোহান (৮) ও ইসমাইল (৯) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত রোহান ওই এলাকার হযরত আলীর ছেলে এবং ইসমাইল ওবায়দুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুই শিশু প্রায়ই এলাকার নদী ও বিভিন্ন জলাশয়ে মাছ ধরতে যেত। তারা ভালোভাবে সাঁতার জানত না। ফলে নিখোঁজ হওয়ার পর থেকেই স্বজনদের আশঙ্কা ছিল, মাছ ধরতে গিয়ে কোনো জলাশয়ে তারা ডুবে যেতে পারে।
এর মধ্যে সোমবার ভোরে মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
