• শনি. আগ ২২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

নিরাপদ কুমিল্লার দাবিতে মানববন্ধন

ByShirso Aparadh

আগ ২১, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন :

চুরি, ছিনতাই, ধর্ষণ ও রাহাজানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কুমিল্লাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা টাউন হলের সামনে সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা শহরে চুরি, ছিনতাই, ধর্ষণ ও রাহাজানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ছিনতাইকারীদের হাত থেকে সাধারণ মানুষ, সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ কেউই রেহাই পাচ্ছেন না। কোথাও কোথাও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। এতে নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি কুমিল্লার ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতৃবৃন্দেরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এতে লেখা ছিল—
“নিরাপদ কুমিল্লা চাই—ভয়মুক্ত কুমিল্লা চাই”
“অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনো”
“কুমিল্লাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করো”
“কুমিল্লা কি নিরাপদ শহর?”
“চুরি-ছিনতাই-হত্যায় আতঙ্কিত কুমিল্লাবাসী”
“চুরি-ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।”

যুবনেতা জোনায়েদ রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক শাহ মো. সেলিম, সমন্বয়ক শেখ আবদুল মান্নান, যুগ্ম সমন্বয়ক আবদুর রাজ্জাক, সাংবাদিক অশোক বড়ুয়া, মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, উদীচী সভাপতি শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাসেম, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোকন চন্দ, খেলাঘর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলীপ চন্দ, নারী নেত্রী সাহানা হক, শিক্ষক নেতা শান্তি ভূষণ দেবনাথ, যুবনেতা বোরহান, যুবনেতা মেহেদী হাসান, সুমী বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মানববন্ধন থেকে বক্তারা “নিরাপদ কুমিল্লা” গড়ে তুলতে প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights