• বৃহঃ. জুলা ৩০, ২০২৬

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

ByShirso aparadh

জুলা ২৯, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা):
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি, একটি নিয়মিত মামলার এক আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই এলাকায় মেসার্স গৌরীপুর আইস অ্যান্ড কোল্ড স্টোর প্রাইভেট লিমিটেডের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রোকন উদ্দিন রুকু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

একই দিন রাত ১১টা ১০ মিনিটে এসআই আরিফুর রহমান দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি জজ মিয়া প্রধান (৫৪)-কে আটক করেন।

এদিকে বুধবার (২৯ জুলাই) রাত দেড়টার দিকে এসআই রবিউল ইসলাম পাঁচগাছিয়া এলাকার শ্রীকান্তদি থেকে আদালতের সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মুক্তার হোসাইনকে গ্রেপ্তার করেন। পরে রাত আড়াইটার দিকে এএসআই মাহবুবুল সায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে একই ধরনের আরেক পরোয়ানাভুক্ত আসামি জিয়াস মিন (৩৯)-কে আটক করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights