
স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও এলাকায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি সফল হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
মঙ্গলবার খননকাজের আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর বুধবার থেকে পূর্ণোদ্যমে কাজ চলছে। ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’ নামে এ প্রকল্পে প্রথম ধাপে ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৬১ ও ১ হাজার ৪৫০ মিটার গভীরতায় দুটি সম্ভাব্য গ্যাসস্তর শনাক্ত করা হয়েছে।
বাপেক্সের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, টানা ৪৫ দিন খনন এবং পরবর্তী ১৫ দিনের ডিএসটি (Drill Stem Test) শেষে কূপে গ্যাসের প্রকৃত মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাপেক্স সূত্র জানায়, নোয়াখালীর সুন্দলপুর এলাকায় এর আগে একাধিক গ্যাসকূপ খনন করা হয়েছে। বর্তমানে সুন্দলপুর-২ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে এবং সুন্দলপুর-৩ কূপটি ওয়ার্কওভার শেষে পুনরায় উৎপাদনে আনার পরিকল্পনা রয়েছে।
এদিকে কক্সবাজারের এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এই গ্যাসকূপের সম্ভাবনা দেশের জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
