• শনি. জুলা ১১, ২০২৬

কক্সবাজার উপকূলে দুই দিনে ৫ অজ্ঞাত লাশ উদ্ধার

ByShirso aparadh

জুলা ১১, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

মাত্র দুই দিনের ব্যবধানে কক্সবাজার ও টেকনাফ উপকূলের বিভিন্ন এলাকা থেকে পাঁচটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছে একটি মানুষের কঙ্কাল, তিনটি অর্ধগলিত মরদেহ এবং একটি খণ্ডিত মরদেহ। ধারাবাহিক এ ঘটনায় উপকূলজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১০ জুলাই) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া এলাকায় জোয়ারের পানিতে একটি মানুষের কঙ্কাল ভেসে আসে। স্থানীয়দের খবর পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

পুলিশের ধারণা, দীর্ঘ সময় সাগরে থাকার কারণে মরদেহটি সম্পূর্ণ পচে কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত চলছে।

এর আগে বৃহস্পতিবার টেকনাফের তিনটি পৃথক স্থান থেকে তিনটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি মরদেহ সেন্টমার্টিন উপকূল থেকে, একটি শাহপরীর দ্বীপ সৈকত থেকে এবং অপরটি রাজারছড়া সমুদ্রসৈকত এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একটি নারীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সবগুলো মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই দিন রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে আরও একটি খণ্ডিত মরদেহ। পুলিশ জানায়, মরদেহটির মাথা এবং কোমরের নিচের দুই পা বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে নারী না পুরুষ তা শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রতিটি মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা, আঙুলের ছাপ সংগ্রহ এবং ময়নাতদন্তের প্রতিবেদন বিশ্লেষণ করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের তথ্যও যাচাই করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, সমুদ্রপথে মানবপাচারের শিকার ব্যক্তিদের বহনকারী নৌযানের দুর্ঘটনা, মালয়েশিয়াগামী ট্রলারডুবি কিংবা মিয়ানমারের রাখাইন অঞ্চল থেকে নাফ নদী পাড়ি দেওয়ার সময় কোনো নৌকাডুবির ঘটনার সঙ্গে এসব মৃত্যুর যোগসূত্র থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে মরদেহগুলোর সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।

উপকূলীয় বাসিন্দারা জানান, অল্প সময়ের ব্যবধানে একের পর এক মরদেহ ভেসে আসায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রতিটি ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights