• শনি. জুলা ১১, ২০২৬

ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, শিক্ষার্থী-চিকিৎসকদের সঙ্গে সেলফিতে প্রাণবন্ত মুহূর্ত

ByShirso aparadh

জুলা ১১, ২০২৬

সাইফুল ইসলাম:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে পৌঁছে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থী, চিকিৎসক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সেলফি তুলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে, যা উপস্থিতদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। এছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং জনসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে সরকার কয়েকটি নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে। এসব বিষয়ে বিস্তারিত ঘোষণা শিগগিরই দেওয়া হতে পারে বলে অনুষ্ঠানে ইঙ্গিত পাওয়া গেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights