
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ২ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে রওনা হয়। শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে হাসপাতালসংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন পর এলাকাটির ফুটপাত স্বাভাবিক রূপ ফিরে পায় এবং যান চলাচলও স্বস্তিদায়ক হয়ে ওঠে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন এবং আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তব্যে তিনি দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ঢাকা মেডিকেল কলেজের ঐতিহাসিক অবদানের প্রশংসা করেন এবং আধুনিক ও যুগোপযোগী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
