
সাইফুল ইসলাম,বিশেষ প্রতিবেদকঃ
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ২৪৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৪ হাজার ৮৯৯ জনের মধ্যে হামজনিত উপসর্গ পাওয়া গেছে।
এদিকে হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৬৯ হাজার ৬০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৬৫ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র্যাশ, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
