
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯ জন রোগী।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলমান প্রাদুর্ভাবের কারণে দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চাপ অব্যাহত রয়েছে। নতুন ভর্তি হওয়া ১ হাজার ৩৯ জনের মধ্যে অধিকাংশই জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও অন্যান্য হাম-সদৃশ উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে।
চলতি বছরজুড়ে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্ট দেখা দিলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, টিকাদানের আওতায় ঘাটতি, নির্ধারিত সময়ে টিকা না নেওয়া এবং কিছু এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বেড়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী নজরদারি জোরদার, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহের কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।
