
মেয়াদোত্তীর্ণ রাকিব-নাছির কমিটি ভাঙার গুঞ্জন; আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই নতুন নেতৃত্বের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলীয় সূত্র বলছে, যেকোনো সময় ভেঙে দেওয়া হতে পারে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় কমিটি। সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই নতুন নেতৃত্ব ঘোষণা করা হতে পারে।
ছাত্রদলের সংশ্লিষ্ট নেতারা জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ছাত্র সমাবেশের পরই নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা সবচেয়ে বেশি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। অনেকেই বর্তমান কমিটির শেষ কর্মসূচি হিসেবেই এ সমাবেশকে দেখছেন।
দলীয় একাধিক সূত্রের দাবি, মেয়াদ শেষ হওয়ার পর নতুন নেতৃত্ব গঠনের বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা জোরদার হয়েছে। মাঠে সক্রিয়, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাংগঠনিকভাবে দক্ষ ও বিতর্কমুক্ত নেতাদের প্রাধান্য দিয়ে কমিটি গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, বর্তমান কমিটির বিরুদ্ধে নিষ্ক্রিয়তা, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, স্বজনপ্রীতি এবং অছাত্রদের পদায়নের অভিযোগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন নেতৃত্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। সভাপতি পদে খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, মোস্তাফিজুর রহমান (ভিপি), এইচ এম আবু জাফর, মমিনুল ইসলাম জিসান, এজাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, কাজী জিয়া উদ্দিন বাসিত, শরীফ প্রধান শুভ এবং মো. আমানউল্লাহ আমানের নাম আলোচনায় রয়েছে।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাজু আহম্মেদ, মাসুম বিল্লাহ, গাজী মোহাম্মদ সাদ্দাম হোসেন, মিনহাজ আহমেদ প্রিন্স, গণেশ চন্দ্র রায় সাহস, আনিসুর রহমান খন্দকার অনিক, তরিকুল ইসলাম তারিক, নাহিদুজ্জামান শিপন, নাছির উদ্দীন শাওন, মোহাম্মদ আব্দুর রহিম রনি, তারেক হাসান মামুন, জাহিদ শাকিল, মাহমুদ ইসলাম কাজল ও দ্বীন ইসলাম খানের নাম শোনা যাচ্ছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেন, দায়িত্ব পেলে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মেধাভিত্তিক রাজনীতি এবং জবাবদিহিমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ বলেন, নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে সারা দেশের ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে মাসুম বিল্লাহ বলেন, সংগঠনের সাংগঠনিক অভিভাবক উপযুক্ত সময়েই নতুন কমিটি ঘোষণা করবেন এবং আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাদেরই মূল্যায়ন করা হবে।
গাজী মো. সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। সংগঠনকে সামনে এগিয়ে নিতে সক্ষম নেতৃত্বই দায়িত্ব পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ছাত্রদলের সহ-সভাপতি এজাজুল কবির রুয়েলও জানান, চলমান কর্মসূচি শেষ হওয়ার পর যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। কমিটির কাঠামো কী হবে, তা পুরোপুরি হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষ, ত্যাগী এবং গ্রহণযোগ্য নেতৃত্বের হাতেই ছাত্রদলের দায়িত্ব অর্পণ করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
