• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক

ByShirso aparadh

জুন ৩, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে নড়াইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী ও অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মাহিদিয়া গ্রামের বাসিন্দা জাহানারা বেগম (৪৫) এবং লক্ষ্মীপুরের পূর্বচককলাপোতা গ্রামের বাসিন্দা অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা বেগম তাঁর স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে যশোরে ফিরছিলেন। পথে বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অজয় কুমার কুণ্ডু জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে কালনা-নড়াইল-যশোর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights