• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

৫০ শয্যার হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

ByShirso aparadh

জুন ৩, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ৫০ শয্যার সব হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া যেসব ৮টি উপজেলায় ইতোমধ্যে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, হাসপাতালগুলোকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম নতুনভাবে শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারের অংশ হিসেবে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

এছাড়া দেশের পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, যা আগামী ছয় মাসের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে কাজ চলছে বলে জানান মন্ত্রী। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে দেশের পাঁচটি বড় শহরে এক হাজার শয্যার পাঁচটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতাল বিশেষভাবে নারীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য গড়ে তোলা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে সরকার কাজ করছে। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights