• মঙ্গল. জুন ২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

‘আমার স্ত্রী নির্দোষ, ধর্ষণ করছি আমি ; মারছে ডলার’

ByShirso aparadh

জুন ১, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীতে আলোচিত শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে হাজির হয়ে ঘটনার বিষয়ে নতুন দাবি করেছেন। তিনি ধর্ষণের অভিযোগ স্বীকার করলেও হত্যাকাণ্ডের জন্য ‘ডলার’ নামে অন্য একজনকে দায়ী করার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি তার স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ বলে দাবি করেন।

সোমবার (১ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)-এ সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির জন্য সকালে তাদের কারাগার থেকে আদালতে আনা হয়।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোহেল রানা বলেন, তিনি একমাত্র দায়ী নন এবং তার স্ত্রীর কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও দাবি করেন, ‘ডলার’ নামে একজন ব্যক্তি ঘটনাটির সঙ্গে জড়িত এবং তাকে অর্থও দিয়েছে। এছাড়া ডিএনএ পরীক্ষার প্রতিবেদন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের আদেশ দেন এবং মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ জুন তারিখ নির্ধারণ করেন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়। পরে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একটি ফ্ল্যাটে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর প্রধান অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

বর্তমানে মামলার দুই আসামিই কারাগারে রয়েছেন। আদালতে তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিও মামলার নথিতে অন্তর্ভুক্ত রয়েছে। এখন সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights