• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঝিনাইদহে সাপের কামড়ে যুবকের মৃত্যু, হাসপাতালে এন্টিভেনম সংকটছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি || ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে। সোমবার দিবাগত রাত ১টার দিকে বিদ্যুৎ চলে গেলে গরমের কারণে বাড়ির বাইরে বের হলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

পরিবারের সদস্যরা জানান, সাপটি ইমরানের ডান পায়ে কামড় দিলে তিনি চিৎকার করে ওঠেন। শব্দ শুনে বাড়ির অন্য সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান চিকিৎসার জন্য।

নিহতের মামা খলিলুর রহমান বলেন, হাসপাতালে নেওয়ার পর জানা যায় সেখানে এন্টিভেনমের ব্যবস্থা ছিল না। পরে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে ইমরান মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সজিব কুমার বসু জানান, রোগীর অবস্থা হাসপাতালে আনার সময়ই খুবই সংকটাপন্ন ছিল। এন্টিভেনম দিলেও তার জন্য আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতো, কিন্তু সেই সুবিধা সেখানে ছিল না।

তিনি আরও জানান, রোগীর স্বজনদের এন্টিভেনম দিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে জানানো হয়েছিল। তবে ঝুঁকিপূর্ণ অবস্থার কথা বিবেচনা করে স্বজনরা বন্ড সই করে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে মঙ্গলবার দুপুরে উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের কৃষক ফজলুর রহমান (৬৩) সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানান, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights