নিজস্ব প্রতিবেদক:
স্কুলে পচা খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলা-এর কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচির খাবার খেয়ে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করে।
সরকারের স্কুল ফিডিং কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। কিন্তু সম্প্রতি প্রকাশিত “স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা” শীর্ষক প্রতিবেদনের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় মন্ত্রণালয়।
ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যে মাদারীপুর জেলার প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধে চুক্তি বাতিলের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসককে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে পৃথক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ইতোমধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং সংশ্লিষ্ট সরবরাহকারীদের বিরুদ্ধেও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘নিরাপদ খাদ্য আইন’-এর আওতায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে নজরদারি আরও জোরদার করা হবে।
