উজিরপুর || বরিশাল
বরিশালের উজিরপুর মডেল থানার তিন পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় জেলা পুলিশ প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে চলমান শুদ্ধি অভিযানের মধ্যেই এমন ঘটনা সামনে আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানার সদস্যদের ধাপে ধাপে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার ফলাফলে তিনজন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি। প্রাথমিক ফলাফল নিশ্চিত করতে তাদের ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডোপ টেস্টে পজিটিভ আসার পর ওই তিন সদস্যকে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় জেলা পুলিশ প্রশাসনের ভেতরে তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, পুলিশের ভেতরে কোনো ধরনের অনিয়ম বা মাদক সংশ্লিষ্টতা বরদাশত করা হবে না।
জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে মাদক নির্মূলে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। তবে সচেতন মহলের মতে, এই কার্যক্রমের ধারাবাহিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, যাতে সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর ফল পাওয়া যায়।

