• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দেশের মানুষের উন্নয়নই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

Byadmin

এপ্রিল ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের সামগ্রিক উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। গণতন্ত্রে মতপার্থক্য থাকলেও উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ-এ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে কমিশন গঠন করেছে। বিএনপির পক্ষ থেকে স্বচ্ছ প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা যা করি, স্বচ্ছতার সঙ্গেই করি—কোনো গোপনীয়তা নেই।”

নিজ জেলা সফরে এসে বিকেল পৌনে ৬টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জনসভা মঞ্চে ওঠেন তিনি। এদিনই বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্বৈরাচারী শাসনের সময় অন্য দলগুলো যখন ‘সংস্কার’ শব্দ উচ্চারণেও সাহস পায়নি, তখনই বিএনপি ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল। গত ১৬ বছরে স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং ও যোগাযোগ খাত ধ্বংসের মুখে পড়ে এবং মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হচ্ছে। এগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।”

অর্থনীতি ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া জিয়াউর রহমান-এর উদ্যোগে নেওয়া খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় উন্নয়ন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দিনভর কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী জেলা জজ আদালতের নবনির্মিত ভবন ও ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটা পরিদর্শন, শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও খাল খনন কার্যক্রম উদ্বোধন এবং বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসভাস্থল ছাড়িয়ে মানুষের ঢল শহরের প্রধান সড়কগুলোতেও ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights