• শনি. জুলা ১১, ২০২৬

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

Byadmin

মার্চ ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিনের লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি আর থাকবে না। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে পুনরায় ভর্তি পরীক্ষা চালু করা হবে।

তিনি বলেন, করোনাকালীন পরিস্থিতির কারণে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে ভর্তি পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়েছিল। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরবর্তী বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু করা হয়। তবে তখন দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী নেওয়া হতো।

পরবর্তীতে COVID-19 মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষার পদ্ধতি, নম্বর বণ্টন ও সময়সূচি নিয়ে শিগগিরই বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights