• শনি. জুন ১৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

হরমুজ প্রণালি খুলে দিল ইরান: তেলের দামে বড় পতন, স্বস্তি বৈশ্বিক বাণিজ্যে

Byadmin

এপ্রিল ১৮, ২০২৬

ডিজিটাল ডেস্ক:

লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, লেবাননে চলমান যুদ্ধবিরতির সময়জুড়ে সব বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে নিরাপত্তার স্বার্থে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত ‘সমন্বিত রুট’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানকে ধন্যবাদ জানান। এর তাৎক্ষণিক প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে—তেলের দাম ১১ শতাংশের বেশি কমে যায়, যা বৈশ্বিক অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়েছে।

এর আগে ইসরায়েল ও লেবানন বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা থেকে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। লেবাননে হিজবুল্লাহ-এর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ওয়াশিংটন ও তেহরান-এর মধ্যে চলমান আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি সম্মত হয় তেহরান। তবে মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেন, লেবাননে ইসরায়েলের অভিযান চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে ওয়াশিংটন ওই চুক্তি লঙ্ঘন করেছে।

চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে যুদ্ধবিরতির সময়ও প্রণালিটি প্রায় বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় প্রতিদিন আরও বেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights