
নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক মমতাজ বেগমকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। পাশাপাশি মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজন হলে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী মো. মুক্তার হোসেন রাজধানীর মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার হোসেন আহত হন।
পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
ওই মামলায় মমতাজ বেগমকে সন্দেহভাজন আসামি হিসেবে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
