
নিজস্ব প্রতিবেদক :
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুর-এর উদ্দেশে রওনা হবেন।
সেখানে দিনাজপুরের কাহারোল উপজেলা-র বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)-সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কর্মসূচি শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
