
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে দাবি করেছেন নিহত গৃহবধূর স্বামী।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুর নাম পিয়াস বড়ুয়া (৫)। তারা চেনামতি বড়ুয়া পাড়ার বৌদ্ধবিহার মন্দিরসংলগ্ন এলাকার বাসিন্দা। পরিবারের প্রধান সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত থাকায় ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যান। প্রতিবেশী সুরভী বড়ুয়া জানান, ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তাঁর ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঘরের ভেতরে প্রিয়ন্তী বড়ুয়ার মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মা ও মেয়ের মৃত্যু হয়। আহত পিয়াসকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, প্রতিবেশী এক যুবকের সঙ্গে তাঁর আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। তাঁর ধারণা, ওই বিরোধের জের ধরে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে। তিনি দাবি করেন, মৃত্যুর আগে তাঁর স্ত্রী হামলাকারী হিসেবে এক ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।
https://www.effectivecpmnetwork.com/aggmyyafz6?key=c1c35479e2279d551f628dd2400c5983