
বিশেষ প্রতিনিধি | ঢাকা দেশের শিক্ষাঙ্গন থেকে সেশনজটের অভিশাপ চিরতরে মুছে ফেলার তীব্র হুশিয়ারি দিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের জীবন থেকে আর কোনো বছর নষ্ট হতে দেওয়া হবে না। এখন থেকে পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৬০ দিনের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নির্ধারিত ৪ বছরের কোর্স ৪ বছরেই সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর নির্দেশনার কথা জানান।
‘জনসংখ্যাকে পরিণত করতে হবে মানবসম্পদে’
বুয়েটের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদি আমিন, উপ-উপাচার্য (প্রো-ভিসি) ড. আব্দুল হাসিব এবং ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ড. এ কে এম মাসুদ।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী বলেন, “বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে বোঝা নয়, বরং দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী করে তোলা, যাতে তারা বিশ্ব প্রতিযোগিতার মঞ্চে বুক ফুলিয়ে টিকে থাকতে পারে।”
শহীদ আবরারের নামে নতুন ছাত্রাবাস
শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে মানবিক ও জনকল্যাণমুখী সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। একই সাথে, বুয়েটের ইতিহাসে অন্যতম কালো অধ্যায়ের স্মৃতি স্মরণ করে, বুয়েটের মেধাবী ও শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের নামে ক্যাম্পাসে একটি নতুন আধুনিক ছাত্রাবাস নির্মাণের জোর প্রতিশ্রুতি দেন শিক্ষা মন্ত্রী।
শিক্ষা প্রশাসনের এই কড়া অবস্থানের পর শিক্ষাঙ্গনে দীর্ঘদিনের চলে আসা সেশনজট ও প্রশাসনিক ধীরগতির অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
