• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ByMahfuz Sarker

জুলা ৭, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ
ইতিহাসে প্রথমবার প্রশিক্ষণ মাঠে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটালেন সরকারপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরাসরি সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকায় গিয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে সময় কাটালেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন তিনি। পরে হেঁটে প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের সিওর কাছ থেকে প্রশিক্ষণ ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং নেন। তিনি একটি মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন।

এ সময় যুদ্ধক্ষেত্রের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাংকারে নেমে অফিসার ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের খোঁজখবর নিয়ে তাদের উৎসাহিত করেন।

একপর্যায়ে মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানের এই উপস্থিতিতে প্রশিক্ষণরত সেনাসদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরে সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।” তিনি জাতীয় সংকট মোকাবিলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights