
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিপুলাসার ইউনিয়নের বড়কাচি মসজিদসংলগ্ন লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের মো. মোস্তফা কামাল (৬০) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা পর, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খিলাবাজার এলাকায় একই মহাসড়ক পার হওয়ার সময় হিমাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৪৭) নামে এক নারী নিহত হন। তিনি মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের বাসিন্দা।
লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। প্রথম দুর্ঘটনায় আহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে বলে তিনি জানান।
মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর বিষয়টি লাকসাম হাইওয়ে থানাকে জানানো হয়। পরে দুই থানার পুলিশ যৌথভাবে উদ্ধার ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
