নাহিদা আক্তার লাকী,
খুলনা: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনবিভাগের সদস্যের গুলিতে এক জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে সুন্দরবনের হেলাবিটি খাল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন অফিসের সামনে লাশ নিয়ে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা।
নিহত জেলের নাম আমিনুর গাজী। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা।
খুলনা বনবিভাগের নলিয়ান ক্যাম্পের ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের একটি দল সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনের হেলাবিটি খালে অভিযান চালায়। অভিযান চলাকালে কাঁকড়া আহরণরত আমিনুর গাজীকে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে বনবিভাগের এক কর্মকর্তা জানান, গুলি চালিয়েছে ওয়াইল্ড টিম নয়, স্মার্ট টিমের সদস্যরা। তার দাবি, জেলেদের সংঘবদ্ধ আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়। গুলি লেগে দুর্ভাগ্যবশত আমিনুর গাজী নিহত হন।
ঘটনার পর তৎপর প্রশাসন
ঘটনার খবর পেয়ে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. ইমরান আহমেদ এবং সুন্দরবন পশ্চিম বনবিভাগের কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে তারা নলিয়ান ফরেস্ট স্টেশন পরিদর্শনে যান।
অন্যদিকে, নিহত আমিনুর গাজীর লাশ নিয়ে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন স্থানীয় জেলে ও এলাকাবাসী। তাদের দাবি, নিরীহ জেলেকে বিনা কারণে গুলি করে হত্যা করা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বনবিভাগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি!,
