
মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত, কাঁটাতারের পাশে অনিশ্চয়তায় ৬ জন
মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাটি ঘটে শনিবার (৬ জুন) ভোররাতে সীমান্ত এলাকার একটি পয়েন্টে।স্থানীয় সূত্র জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়। পরে পরিস্থিতির মুখে ওই ব্যক্তিরা সীমান্তের ভারতীয় অংশে ফিরে যায়। বর্তমানে তারা কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছেন বলে জানা গেছে।ঘটনার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো পক্ষই ওই ছয়জনকে নিজেদের দায়িত্বে নিতে সম্মত হয়নি। ফলে তারা সীমান্তবর্তী এলাকায় অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছেন।ভুক্তভোগীদের দাবি, তারা কয়েক বছর আগে ভারতে গিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হন। সম্প্রতি বিএসএফ তাদের সীমান্ত এলাকায় এনে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বলে অভিযোগ করেন তারা।বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ বিষয়ে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
