
বিশেষ প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। একই সঙ্গে তিনি দেশের সব অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার জবাবদিহিতা ও স্বচ্ছতায় বিশ্বাস করে। গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার মধ্যে কোনো বৈষম্য না রেখে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সরকার এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে কাজ করছে।
তিনি জানান, আসন্ন জাতীয় বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে তোলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণের অংশ হিসেবে আগামী অর্থবছরের মধ্যে ৪১ লাখ ২০ হাজার পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘ই-হেলথ কার্ড’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে পাঁচটি জেলায় এই সেবার কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।
পরিবেশ ও জলবায়ু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এর প্রভাব আবহাওয়ার ওপর পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী পাঁচ বছরের জন্য ব্যাপক বনায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, আসন্ন বর্ষা মৌসুমে দেশব্যাপী প্রায় ৩ কোটি ১৪ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারের চলমান উদ্যোগ দেশের সার্বিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
