মাহমুদুল হাসানঃ
শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য চলবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কার্যক্রম ধাপে ধাপে অ্যাপভিত্তিক করা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
অ্যাপভিত্তিক কার্যক্রম ও মানসম্মত বই
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে, যাতে বদলি ও প্রশাসনিক কাজে অনিয়মের সুযোগ না থাকে। তিনি আরও বলেন, শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে এবং বই বিতরণে কোনো ধরনের সিন্ডিকেট বরদাশত করা হবে না।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
নকলবিরোধী অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, এমন একটি শিক্ষা পরিবেশ তৈরি করা হবে যাতে আলাদা করে নকলবিরোধী অভিযানের প্রয়োজনই না পড়ে। অতীতে মন্ত্রিত্বের সময় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো স্থান নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষা ব্যবস্থা
এহসানুল হক মিলন বলেন, অতীতে ‘মব’ করে অটো পাস নেওয়া, পরীক্ষা বন্ধ করা এবং ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে এসব অনিয়ম আর হতে দেওয়া হবে না। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কারিকুলাম রিভিউ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়ন্ত্রণে
দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়মনীতির আওতায় আনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান অপরাধ করলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও আধুনিকায়নের মাধ্যমে একটি মানসম্মত ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
